যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ৩ কিশোর নিহত

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৩ , ১০:০৬ পিএম

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ৩ কিশোর নিহত ছবি: সিটিজেন নিউজ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে নিহতদের লাশ বৃহস্পতিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

সংঘর্ষে নিহতরা হলো- নাইম হোসেন (১৭), পারভেজ হাসান (১৮) ও রাসেল ওরফে সুজন (১৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন দফায় তিনটি লাশ হাসপাতালে নিয়ে আসে কিশোর উন্নয়ন কেন্দ্রের লোকজন। প্রথমে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে হাসপাতালে আনা হয় নাইম হোসেনের লাশ। এরপর পৌনে ৮টার দিকে আনা হয় পারভেজ হাসানের লাশ। আর সর্বশেষ রাত ৮টার দিকে আনা হয় রাসেলের লাশ। তবে প্রতিবারই হাসপাতালে লাশ রেখে কিশোর উন্নয়ন কেন্দ্রের লোকজন হাসপাতাল ছেড়ে চলে যান। নিহত ওই ৩ নিবাসির শরীরেই আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

যশোর ডিএসবির পরিদর্শক এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তার সন্ধ্যায় পরে লাশ হাসপাতাল মর্গে নিয়ে আসেন। এরপর ঘটনা জানাজানি হয়। কী কারণে এবং কখন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের একটা গাড়িতে তিন কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদেরকে মৃত অবস্থায় পায় চিকিৎসকরা। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।