নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ০৩:৫৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
প্রাণঘাতি করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ প্রাণ হারলেও কাছে যেতে পারছে না প্রিয়জনরা। দূর থেকেই ফেলছে চোখের জল। আর্তনাদে ফাটলেও প্রিয়জনকে স্পর্শ করতে দিচ্ছে না নির্মম কোভিড-১৯ নামে ভয়ঙ্কর এ ভাইরাস।
পরিসংখ্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সারাদেশে মৃতের সংখ্যায় ভয়ঙ্কর অবস্থানে রয়েছে চট্টগ্রাম। গত ৩ দিনে ৪১ জনের প্রাণ গেছে চট্টগ্রাম বিভাগে। সারাদেশের ন্যায় চট্টগ্রামেও এসব মৃত ব্যক্তির গোসল ও দাফনে প্রথমে ভয়ে কেউ এগিয়ে না আসলেও পরে মানবিকতার হাত বাড়িয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন-প্রতিষ্ঠান। ব্যক্তি উদ্যোগেও করেছেন অনেকে। তবে, মৃত নারীদের গোসলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকার ৫ নারী।
টিমের ওই সদস্যদের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রাম নগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গিয়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত মৃত নারীদের গোসল সম্পন্ন করেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছাড়াও রয়েছেন অনেকে।
গত দুই মাসেরও অধিক সময় ধরে মানবিক এ কাজটি করছেন- নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকার জোহরা বেগম, ফরিদা বেগম, ফিরোজা আক্তার ও রহিমা বেগম। তাদের টিম লিডার হিসেবে কাজ করছেন জান্নাত বেগম।
প্রায় দেড় শতাধিক মৃত নারীর গোসলে ৫ জনের এ টিমকে তৈরি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২নং জালালাবাদ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু।
সিটিজেন নিউজকে সাহেদ ইকবাল বাবু বলেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মানুষ যখন মারা যাচ্ছে তখন এসব মৃতদের গোসল ও দাফনে একটা সঙ্কটাপন্ন অবস্থা দেখা দেয়। মানবিক বিবেচনায় এসব মৃত নারীদের গোসল সম্পন্ন করতে আমার নির্বাচনী এলাকা থেকে ৫জন নারীকে অনুরোধ করলে তারা আমার এ অনুরোধে সাড়া দেয়।’
তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক মৃত নারীকে তারা চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় গিয়ে দায়িত্বের সাথে গোসল সম্পন্ন করেছেন।’
টিম লিডার হিসেব কাজ করা জান্নাত বেগম সিটিজেন নিউজকে বলেন, ‘কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু ভাই একদিন মৃত নারীদের গোসল সম্পন্ন করাতে আমাকে অনুরোধ করেন। পরে তার অনুরোধ এবং মানবিক সাহায্যে আমি আরও চারজন নিয়ে একটি টিম গঠন করি।’
তিনি বলেন, ওই টিমের সদস্যরা শুধু চট্টগ্রামেই নয় দেশের বিভিন্ন জেলায় গিয়ে করোনা আক্রান্তসহ প্রায় দেশ শতাধিক মৃত নারীদের গোসলের কাজ সম্পন্ন করেছেন। এ কাজে বাবু ভাই কারও কাছ থেকে কোনও ধরনের অর্থ গ্রহন না করতেও নির্দেশ দিয়েছেন বলে জানান জান্নাত।
এক প্রশ্নের জবাবে জান্নাত বলেন, ‘এমন কাজ করতে গিয়ে আমরা কোনও মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা না নিলেও কাউন্সিলর বাবু ভাই ব্যক্তিগতভাবে আমাদের ও আমাদের পরিবার সদস্যদের দেখভালের দায়িত্ব নিয়েছেন।’
টিমে কর্মরত ফরিদা বেগম সিটিজেন নিউজকে বলেন, মৃত নারীদের গোসল করাতে গিয়ে একবার জ্বর নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভীতিকর ওই পরিস্থিতিতে কাউন্সিলর বাবু তার চিকিৎসাসেবা থেকে শুরু করে ঔষধপত্রের ব্যবস্থা করে দিয়েছেন। কিছুদির পর সুস্থ হয়ে তিনি আবারও সাহসের সাথে মানবিক এ কাজে নিজেকে সম্পৃক্ত করেন।
টিমে থাকা সবাই মানবিক এ কাজের ধারা আগামিতেও অব্যাহত রাখবেন বলে জানান সিটিজেন নিউজকে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.