খুলনায় বন্দুকযুদ্ধে ‘২৫ মামলার আসামী’ নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-৩০ , ১১:৩৯ এএম

খুলনায় বন্দুকযুদ্ধে ‘২৫ মামলার আসামী’ নিহত ছবি: সিটিজেন নিউজ

খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছে। আজ বৃহস্প‌তিবার (৩০ জুলাই) ভো‌ররাত ৪টার দিকে খুলনা-মংলা মহাসড়‌কের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে পুটিমারী এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

নিহতের নাম মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২)। তিনি নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

র‌্যাবের দাবি, নিহত মোস্তফা কামাল রূপসা উপজেলার ভয়ংকর সন্ত্রাসী।তার বিরুদ্ধে হত‌্যা, অস্ত্র আইন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা অপরা‌ধে ২৫‌টি মামলা রয়েছে।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রামপাল এলাকায় অভিযান চালায়। ভোররাতে জিরো পয়েন্ট এলাকা ঘিরে ধরলে কামাল র‌্যাবের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করা হয়। পরে রামপাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো চাকু, ৬৬ হাজার টাকা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয় বলেও জানায় র‌্যাব।