সাতক্ষীরায় দুই গ্রুপের গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-৩০ , ১০:০২ এএম

সাতক্ষীরায় দুই গ্রুপের গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত ছবি: সিটিজেন নিউজ

সাতক্ষীরায় দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ লিয়াকত আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে  সদর উপজেলার বাশদহার কয়ারবিল এলাকা তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এসময় তার পাশে পড়ে থাকা অবস্থায় অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে।

নিহত লিয়াকত আলী সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।

পুলিশের দাবি, লিয়াকত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ১০টি মামলা রয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনি মারা গেছেন।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ভোরে কয়ারবিল এলাকায় দুই পক্ষের গোলাগুলি চলছে এমন সংবাদে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশ।

তিন বলেন, এ সময় তার পাশে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা পড়ে ছিল। তাৎক্ষণিক গুলিবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জানা যায় গুলিবিদ্ধ ব্যক্তি মাদক ব্যবসায়ী লিয়াকত আলী। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।