আরবি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শেষ করার আহ্বান

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৩ , ১১:২৬ এএম

আরবি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শেষ করার আহ্বান

নির্ধারিত সময়ের মধ্যেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রকল্পের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন কাজী শহীদুল্লাহ।

এতে উপস্থিত ছিলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক দূর্গা রানী সরকার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম এহসান কবীরসহ প্রকল্প সংশ্লিষ্টরা।

ঢাকার কেরানীগঞ্জে ২০ দশমিক ১৫ একর জমির ওপর ৪০০ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০২১ সালে শেষ হবে। একনেকে ২০১৭ সালে প্রকল্পটির ব্যয় অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয় স্থাপনে ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের মাদরাসা শিক্ষার উন্নয়ন, আধুনিকায়ন এবং ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়। এছাড়া, উচ্চশিক্ষা স্তরে মাদরাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা এর অন্যতম লক্ষ্য।