চট্টগ্রামে ‘ঝর্ণা মাদক স্পটে’ অভিযান, ইয়াবা-গাঁজাসহ আবার গ্রেপ্তার ঝর্ণা

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-১০-১৩ , ১০:৩৯ পিএম

চট্টগ্রামে ‘ঝর্ণা মাদক স্পটে’ অভিযান, ইয়াবা-গাঁজাসহ আবার গ্রেপ্তার ঝর্ণা ছবি: নাগরিক পত্রিকা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝর্ণা আক্তার (৩৪) ও মো. কামরুল (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে ২৭টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ষোলশহর ৯ এপিবিএনের পরিচালিত এ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশি নথি অনুযায়ী, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরোজ খান চৌধুরীর বাড়ির বড় পুকুরপাড়ের দক্ষিণ কোণায় সড়কের ওপর অভিযানটি পরিচালিত হয়।

পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজন নারী পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর পরিচয় ঝর্ণা আক্তার হিসেবে শনাক্ত করা হয়। একই ঘটনায় কামরুলকেও গ্রেপ্তার করা হয়।

এপিবিএন-৯ এর তথ্য অনুযায়ী, ঝর্ণা আক্তারের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে আরও ছয় থেকে সাতটি মাদক মামলা রয়েছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা, মামলাগুলোর নম্বর এবং সেগুলোর বিচারিক অগ্রগতি পৃথক এবং স্বাধীনভাবে নাগরিক পত্রিকার পক্ষে তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।

গোপন একটি সূত্র নাগরিক পত্রিকাকে জানায়, ঝর্ণা আক্তারের নিয়ন্ত্রণে মাদকের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে। যারা টেকনাফ থেকে বিভিন্ন পথে ইয়াবার বড় চালান বা স্ল্যাবে মাদকগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়।

সূত্রটির দাবি, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার আব্দুল গফুরের ছেলে ইউনুছের মাধ্যমে চট্টগ্রামে মাদকের চালান আনে এই ঝর্ণা। ইউনুছের বিরুদ্ধে ইয়াবার বড় বড় চালানের ৩টি মামলা রয়েছে। ইউনুছ ঝর্ণার খালাতো ভাই বলেও সূত্রটি নিশ্চিত করেছে।  

সূত্রটি আরও দাবি করে, ঝর্ণা মাদক ব্যবসা করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সৈয়দপাড়া এলাকায় কিনেছেন ২টি প্লট। আরও ১টিতে করেছেন বহুতল ভবন। এছাড়াও একটি ১টি প্রাইভেট কারসহ রয়েছে প্রায় ৫ লক্ষ টাকা দামের একটি মোটরসাইকেল।

নাগরিক পত্রিকা পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধান করে বিস্তারিত তথ্য তুলে ধারার চেষ্টা করবে।

এ বিষয়ে এপিবিএন- ৯ এর পুলিশ সুপার নাগরিক পত্রিকাকে জানান, গোপন সংবাদ ভিত্তিতে তালিকাভুক্ত চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকার মাদক ব্যবসায়ী ঝর্ণা আক্তারের ‘ঝর্ণা মাদক স্পট’  অভিযান পরিচালনা করে এপি্বিএন’র একটি দল। এসময় ঝর্ণা আক্তার এবং কামরুল নামে দু’জনকে তল্লাশী করে তাদের হেফাজত থেকে ২৭টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

এসপি আরও জানান, এরআগে এই মাদক ব্যবসায়ী ঝর্ণা এবং তার স্বামী মো: জুয়েলকে মাদকের বড় একটি চালানসহ গ্রেফতার করা হয়েছিল। 

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)/১৯ (ক) ধারায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় গত ১১ অক্টোবর একটি মামলা (মামলা নং-১৪) দায়ের করা হয়েছে বলে নাগরিক পত্রিকাকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম।

আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঝর্ণা চান্দগাঁও থানাধীন কাপ্তােই রাস্তার মাথা এলাকার মেহরাজ খান চৌধুরীর বাড়ির আব্দুল খালেক প্রকাশ মহরাম আলীর মেয়ে।