চট্টগ্রামে ফেল থেকে পাশ ৪১ পরীক্ষার্থীর

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-৩০ , ০৬:৩৮ পিএম

চট্টগ্রামে ফেল থেকে পাশ ৪১ পরীক্ষার্থীর ছবি : সিটিজেন নিউজ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হয়েছে।২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে এবার ৬০৯ জনের ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

তিনি জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় এবার ফেল থেকে পাস করেছে ৪১ জন। এর মধ্যে ফেল করা একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

তিনি আরও জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৬০৯ জনের। এছাড়া অনুত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের পরও তারা পাশ করেননি।

এদিকে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু জিপিএ-৫ পায়নি এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪১৯ জন। আবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে মোট জিপিএ পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ৮৭ জন। ১ হাজার ২০০ পরীক্ষার্থীর মধ্যে পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ২৩৫টি।