আতঙ্কে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৩ , ১১:১৬ এএম

আতঙ্কে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা ছবি: ইন্টারনেট

হাইকোর্টে রিটের পর পদায়ন স্থগিত হয়ে গেলেও শেষ পর্যন্ত ৩২ জেলায় নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষকরা। বাকি ২৯ জেলার শিক্ষকরা কবে নিয়োগ পাবেন সেই ‌‌‘আতঙ্কে’ দিনাতিপাত করছেন। চাকরিরত থাকলেও যোগদানের আশায় অনেকেই সেই চাকরি ছেড়ে এখন বেকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে, আদালতে মামলা দায়ের করায় দেশের ৪১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। নিয়োগ পরীক্ষায় পাস করা ২০ জেলার প্রার্থীদের নিয়োগ কার্যক্রম শেষ করা হলেও বাকি ৪১ জেলার নিয়োগ কার্যক্রম স্থগিত থেকে যায়। এরপরে স্থগিতাদেশ বাতিল করতে উচ্চ আদালতে আপিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, মন্ত্রণালয় থেকে উচ্চ আদালতে আপিল করায় এ পর্যন্ত মোট ৩২ জেলার নিয়োগের স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। তার মধ্যে সম্প্রতি ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, বরিশাল ও বরগুনা জেলার স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। বর্তমানে এসব জেলায় চূড়ান্তভাবে পাস করা প্রার্থীদের যোগদান, প্রশিক্ষণ ও পদায়নের কাজ শুরু হয়েছে। বাকি ২৯ জেলার স্থগিতাদেশ বাতিলে আপিল করা হয়েছে। আদালত থেকে স্থগিতাদেশ দেওয়ার পর এসব জেলায় যোগদান ও পদায়ন কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আদালতের স্থগিতাদেশ বাতিল হওয়ায় ৩২ জেলায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে বাকি ২১ জেলায় যোগদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি জানান, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে দেশের সকল জেলায় সহকারী শিক্ষকদের নিয়োগ দেওয়া সম্ভব হবে। এজন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।