শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৭:৪২ পিএম

শিক্ষামন্ত্রীকে ভর্ৎসনা করলেন প্রধানমন্ত্রী ছবি: ইন্টারনেট

শিক্ষামন্ত্রী দীপু মনি সম্প্রতি বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন করতে গেলে সেখানে উপস্থিত ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোশ পরে তাকে স্বাগত জানান। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দীপু মনিকে ভর্ৎসনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য।

সূত্র থেকে জানা যায়, বগুড়ার ঘটনায়বৈঠকে সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের মুজিববর্ষের অনুষ্ঠানে বাড়তি ব্যয় না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে কোনো মানুষ গৃহহীন থাকবে না। মুজিববর্ষে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন নিশ্চিত করতে চায় সরকার। এটাই মুজিববর্ষের চেতনা।

এসময় প্রধানমন্ত্রী, সব স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ না করার নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে বড় বাজেটের কর্মসূচি না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’