আব্দুস সালাম হাওলাদার l ওহাইও প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্র
আপডেট: ২০২৬-০১-০৮ , ১১:৩৮ এএম
ছবি: নাগরিক পত্রিকা
গোলাকার বিশ্বের বিপ্রতীপ প্রান্তে অবস্থিত দুইটি দেশ আমেরিকা ও বাংলাদেশ । শুধু ভৌগোলিক অবস্থান বিশেষেই নয়, এই দুইটি দেশের মধ্যে জীবনযাত্রা, অর্থনীতি ও রাজনীতির অবকাঠামোর দিক থেকেও আছে প্রভূত অসামঞ্জস্য। এই দুইটি দেশের মধ্যকার জীবনযাত্রার তারতম্যের স্বরূপ-সমাধানই এই প্রবন্ধের অন্বিষ্ট বিষয়।
জীবনযাত্রা: আমেরিকা
স্বাধীনতা, কর্ম ও ব্যক্তিগত অর্জন: আমেরিকা উন্নত বিশ্বের একটি সমৃদ্ধশালী দেশ। তাই এখানে জীবনযাত্রার মান উন্নত ও বৈচিত্র্যমণ্ডিত। যা মূলত কয়েকটি আর্দশ দ্বারা প্রভাবিত— স্বাধীনতা, কর্ম ও ব্যক্তিগত অর্জন (আমেরিকান স্বপ্ন)। আমেরিকায় ব্যক্তিকেন্দ্রিক সমাজ, যেখানে ব্যক্তিগত অর্জন, স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে বেশিরভাগ মানুষই কর্মে বিশ্বাসী, যে কেউই কর্ম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। যা ‘আমেরিকান স্বপ্ন’ নামে পরিচিত। তাই আমেরিকা শুধু স্বপ্নের দেশই নয়, এটি কর্মেরও দেশ।
প্রতিযোগিতা ও ঝুকি নেওয়ার প্রবণতা: আমেরিকায় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও ঝুকি নেওয়ার প্রবণতা বেশি পরিলক্ষিত হয়। জীবনযাত্রার মূলস্রোতের সাথে চলতে হলে মানুষকে কর্মে বেশি ফোকাস করতে হয়।
ল্যান্ড অব অপরচুনিটি: এখানে কাজের ও ব্যক্তিগত অর্জনের অনেক সুযোগ-সুবিধাও আছে। এজন্য আমেরিকাকে ‘ল্যান্ড অব অপরচুনিটি’ বলা হয়। দেশটির মূল অবকাঠামোতেই আছে যদি তুমি কাজ করো তাহলে তুমি অর্জন করতে পারবে।
সময় ও গতি: আমেরিকার জীবনধারণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সময় ও গতি। এখানে সকল কাজ দ্রুত করা হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া রাস্তাঘাট সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিত হওয়াই এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যোগাযোগ ও যাতায়াত করা যায়। প্রত্যেকটি জায়গাই সময়ানুবর্তী, সময়ই এখানে পারিশ্রমিক নির্ধারণ করে। অর্থাৎ তুমি যতঘণ্টা কাজ করবে সেই অনুযায়ী টাকা পাবে। তাই এখানে কেউ বিনা প্রয়োজনে সময় নষ্ট করে না।
চ্যালেঞ্জ: এখানে জীবনযাত্রা ব্যস্ততা, বৈচিত্র্য ও সুযোগের উপর নির্ভরশীল হলেও কিছু কিছু চ্যালেঞ্জও রয়েছে। আমেরিকার স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত হলেও ব্যয়বহুল, যা অনেকের চাপের কারণ। এছাড়া উচ্চশিক্ষা ও উন্নত জীবনযাত্রার ব্যয়ও কখনো কখনো চ্যালেঞ্জিং হয়ে উঠে।
জীবনযাত্রা: বাংলাদেশ
জীবনযাপনে বৈপরীত্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের জীবনযাপন বৈপরীত্যে ভরা; একদিকে আছে উন্নত জীবনযাপনের সুযোগ-সুবিধা, অন্যদিকে আছে দারিদ্র্য ও অবকাঠামোগত দুর্বলতা। একারণে বিশ্বের জনবহুল এই দেশটির জীবনযাপনের মান, শিক্ষা-স্বাস্থ্য সকলদিক থেকেই আমেরিকার তুলনায় অনেক পিছিয়ে।
সমষ্টিবাদী দেশ: বাংলাদেশ সমষ্টিবাদী দেশ; একারণে এখানে সামাজিক কাঠামো, সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যা আমেরিকার ব্যস্ত গতিশীল জীবনে নেই বললেই চলে। তাছাড়া জীবনযাত্রা প্রাণবন্ত, বন্ধুত্বপূর্ণ ও আন্তরিকতায়পূর্ণ।
স্বল্পব্যয়: জীবনযাত্রার খরচ তুলনামূলক কম, যা প্রবাসীদের কাছে আকর্ষনীয়। তবে এই স্বাধীন দেশে যেন কোনো স্বাধীনতাই নেই, জীবনযাত্রার পরতে পরতে চ্যালেঞ্জে ভরা।
নিরাপদ চাকুরি ও ধীর গতি: আমেরিকার কর্মপ্রিয় মানুষের তুলনায় এখানে মানুষ নিরাপদ চাকুরির খোঁজে ব্যস্ত। তাছাড়া এদেশের মানুষ সময়কে গুরুত্ব দেয় না, যেকারণে অফিস-আদালতে যেকোনো কাজে অনেক সময় নষ্ট হয়। তার সাথে অপরিকল্পিত নগরায়ন ও রাস্তাঘাটের জন্য জীবনযাত্রার গতি ধীর।
চ্যালেঞ্জ: উচ্চ জনসংখ্যার ঘনত্ব, অবকাঠামোগত সমস্যা, প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশ দূষন এগুলো এই দেশটির প্রধান চ্যালেঞ্জ। সেইসাথে একশ্রেণির মানুষের স্বার্থপরতা ও ক্ষমতালিপ্সা, অপরশ্রেণির কর্মবিমুখতা ও আলস্য দেশটির জীবনযাপনের টুঁটি চেপে ধরেছে। পরিশ্রমবিমুখ এই মানুষগুলো অল্প সময়ে বেশি লাভবান হওয়ার আশায় বিভিন্ন ধরণের দুর্নীতির আশ্রয় নিচ্ছে। বিভিন্ন ধরণের অবকাঠামোগত সমস্যার কারণে পাবলিক ট্রান্সপোর্ট, চরম যানযট, সহিংসতা ও বিশৃঙ্খলা সর্বত্র বিস্তৃত। পরিবেশ দূষণও এখানে একটি বড় সমস্যা, এই দূষণের কারণে বিভিন্ন অসুস্থতার সৃষ্টি হচ্ছে। কিন্তু এই অসুস্থতারও কোনো সুচিকিৎসা হচ্ছে না, কারণ এখানে স্বাস্থ্যসেবা খুবই অনুন্নত। বর্তমানে বাংলাদেশের রাজনীতির সহিংসতা-কোন্দল, অস্থিতিশীলতা জনজীবনের স্বাভাবিকতাকে নষ্ট করে দিচ্ছে, ফলে দেশের জীবনযাত্রা আরো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
সম্ভাবনা: বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অনেক সম্ভাবনাও আছে। এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে, সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করা যায়।
সমাধান: আমেরিকার জীবনযাত্রা ও বাংলাদেশের জীবনযাত্রায় পার্থক্য অনেক, এটা স্বাভাবিক। আমেরিকার জীবনযাপনে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অনেকের কাছে আমেরিকা স্বপ্নের দেশ। এর কারণ এই দেশে কাজের ও অর্জনের অনেক সুযোগ-সুবিধা আছে। এই সুযোগ ও উন্নত জীবনযাপন তৈরি হয়েছে দেশের অবকাঠামোগত উন্নয়নের, সুপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা ও নীতি নির্ধারণের মাধ্যমে। বাংলাদেশের জীবনযাপনের মানকে উন্নত করতে চাইলে ব্যক্তির জায়গা থেকে উন্নত হতে হবে। ব্যক্তির মূল্যবোধ, বিবেক, সুপরিকল্পনা, কর্ম ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি সুষ্ঠ অবকাঠামো নির্মাণ করতে হবে। একটি প্রচলিত কথা আছে: ‘ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল’— অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বিশাল পরিবর্তন আনে। দেশ-বিদেশের সকলেরই দেশের উন্নতিকল্পে প্রাথমিকভাবে ছোট ছোট পরিকল্পনা দিয়েই শুরু করা উচিত।
'মুক্তমত' বিভাগে প্রকাশিত লেখা লেখকের একান্তই নিজস্ব ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.