মুরাদ হোসেন । মিশিগান প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
আপডেট: ২০২৬-০৭-১৯ , ০৬:২০ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগান প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। সবুজ বনভূমি, নির্মল পরিবেশ, অসংখ্য হ্রদ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য রাজ্যটিকে করেছে অনন্য। আমার কাছে মিশিগান যেন প্রকৃতির এক আশীর্বাদ। এখানকার নির্মল পরিবেশ, শান্ত জীবনযাত্রা এবং প্রাকৃতিক বৈচিত্র্য মানুষকে নতুন করে জীবনকে অনুভব করতে শেখায়।
তবে প্রকৃতির এই সৌন্দর্যের পাশাপাশি কিছু সামাজিক বাস্তবতাও রয়েছে। বিশেষ করে প্রবাসী বাঙালি সমাজের একটি ক্ষুদ্র অংশের মধ্যে ব্যক্তিস্বার্থ, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং পারস্পরিক অবিশ্বাসের প্রবণতা কখনো কখনো হতাশার জন্ম দেয়। দীর্ঘমেয়াদে এসব প্রবণতা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্যই ক্ষতিকর। প্রশ্ন জাগে—কেন এই বিভেদ, কেন একে অপরকে ছোট করার মানসিকতা? আমরা কি শুধু নিজেদের পরিচয় বহন করছি, নাকি বিশ্বদরবারে বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্বও করছি? মিশিগানের প্রকৃতি আমাদের সহমর্মিতা, সৌন্দর্য ও সহাবস্থানের শিক্ষা দেয়। তাই প্রকৃতির কাছ থেকেই আমাদের ইতিবাচকতার পাঠ নেওয়া উচিত।
মেট্রো ডেট্রয়েট অঞ্চলকে সুযোগ ও সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা যায়। যে কেউ আন্তরিকভাবে চেষ্টা করলে এখানে শিক্ষা, কর্মসংস্থান ও আত্মোন্নয়নের নানা পথ খুঁজে পেতে পারেন। কিন্তু দুঃখজনকভাবে, কখনো কখনো নিজেদের মধ্যকার সংকীর্ণ মানসিকতা নতুনদের এগিয়ে যেতে নিরুৎসাহিত করে। অথচ উন্নত সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। একজন নবাগতকে বিভ্রান্ত না করে সঠিক তথ্য ও আন্তরিক সহযোগিতা দেওয়াই হওয়া উচিত আমাদের দায়িত্ব। তাই মিশিগানে নতুন জীবন শুরু করতে আসা প্রত্যেকের উচিত যথাযথ তথ্য যাচাই করে এগিয়ে যাওয়া এবং মানুষের বাহ্যিক আচরণের পাশাপাশি তাদের আন্তরিকতাকেও মূল্যায়ন করা।
মিশিগানের নির্মল নীল আকাশ, সবুজে ঘেরা পার্ক, চাঁদের আলোয় আলোকিত রাত, অসংখ্য হ্রদ এবং মনোরম পরিবেশ এই রাজ্যকে সত্যিই এক স্বর্গরাজ্যে পরিণত করেছে। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে এসে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হন। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে আমার বড় বোন এখানে বেড়াতে এসেছিলেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্নতা তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছিল। আধুনিক নগরায়ণের এই সময়ে এমন নির্মল পরিবেশ সত্যিই বিরল এবং সৌভাগ্যের বিষয়।
লেক ওরিয়ন (Lake Orion) মিশিগানের অন্যতম আকর্ষণ। হ্রদটির স্বচ্ছ জল, চারপাশের সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ মানুষকে মানসিক প্রশান্তি দেয়। কিছুক্ষণ সেখানে কাটালেই মন সতেজ হয়ে ওঠে এবং নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জাগে। প্রতি বছর হাজারো মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। হ্রদটি শুধু নান্দনিক সৌন্দর্যের জন্যই নয়, বরং জলজ প্রাণবৈচিত্র্য ও স্থানীয় বাস্তুতন্ত্র সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মিশিগানের জীবনযাত্রা শান্ত, সুশৃঙ্খল ও বৈচিত্র্যময়। এখানে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, চীনা, ক্যালডিয়ান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষের বসবাস রয়েছে। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মানুষ একসঙ্গে বসবাস করলেও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে একটি বহুসাংস্কৃতিক সমাজ গড়ে উঠেছে। এই বৈচিত্র্যই মিশিগানকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলেছে।
সবশেষে বলতে চাই, মিশিগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, সম্ভাবনা, শিক্ষা, কর্মসংস্থান এবং বহুসাংস্কৃতিক সহাবস্থানের জন্যও একটি অনন্য অঙ্গরাজ্য। তবে এই সৌন্দর্যকে সত্যিকার অর্থে অর্থবহ করে তুলতে হলে আমাদেরও উদারতা, সততা ও পারস্পরিক সহযোগিতার চর্চা করতে হবে। প্রকৃতির মতো আমাদের মনও যদি নির্মল হয়, তাহলে মিশিগান শুধু বসবাসের নয়, মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এক সুন্দর সমাজ গঠনেরও অনুকরণীয় উদাহরণ হয়ে উঠতে পারে।
'মুক্তমত' বিভাগে প্রকাশিত লেখা লেখকের একান্তই নিজস্ব ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.