আটকাপড়া সৌদি প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৮:৪৪ এএম

আটকাপড়া সৌদি প্রবাসীদের দেশে ফেরার সুযোগ ছবি: ইন্টারনেট

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যারা দেশে ফেরার জন্য ছুটি নিয়েও আটকে পড়েছেন বা ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করার পরও দেশে ফিরতে পারেননি, তাদের পুনরায় ছুটি দেওয়া হবে। একইসাথে দেশে ফেরার সুযোগ করে দেওয়া হবে। বুধবার (২২ এপ্রিল) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এমন তথ্য জানান।

যেসব প্রবাসী করোনার প্রাদুর্ভাবের আগে দেশে যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন, কিন্তু করোনার কারণে সব ফ্লাইট ও বন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে সৌদি আরবে আটকা পড়েছেন, তাদের পুনরায় দেশে যাওয়ার জন্য ছুটি দেবে সৌদি সরকার এবং বিশেষ বিমানে করে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে দেবে। একই সঙ্গে যারা ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করে করোনার কারণে দেশে ফিরে যেতে পারেননি, তাদেরও দেশে ফেরার ব্যবস্থা করে দেবে সৌদি সরকার।

অ্যাপের মাধ্যমে আবেদন করে দেশে যাওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। অ্যাপে নির্দিষ্ট ফিচারে রেজিস্ট্রেশন করে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে দেশে ফেরার জন্য পুনরায় ছুটি এবং নিজ দেশে যাওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা।

সৌদি আরবে চারটি এয়ারপোর্ট থেকে এ বিশেষ ফ্লাইটগুলো ছাড়া হবে। জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মাম-এ চার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা।

এ ছাড়া যারা করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ করার আগে ছুটি নিয়েছিলেন, তাদের ছুটি পুনরায় দেওয়া হবে বা ছুটির মেয়াদ বৃদ্ধি করা হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল সৌদি সরকার। এবং গতকাল ছুটিপ্রাপ্তদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে জানাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।