শিক্ষক নেতা নাজির হোসেনের মৃত্যুতে বাকবিশিস'র শোক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০২-১৬ , ১২:৩৮ পিএম

শিক্ষক নেতা নাজির হোসেনের মৃত্যুতে বাকবিশিস'র শোক ছবি: নাগরিক পত্রিকা

প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষক নেতা, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) 'র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক নাজির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর।

শোকবার্তায় বাকবিশিস নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষক সমাজের অধিকার আদায়ে ও প্রগতিশীল মানবিক সমাজ বিনির্মাণে অধ্যাপক নাজির হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা শিক্ষক, লেখক,দেশপ্রেমিক রাজনীতিক, দক্ষ সংগঠক ও মানবিক মানুষকে হারিয়েছে। নেতৃবৃন্দ প্রয়াত অধ্যাপক নাজির হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, নাজির হোসেনের জন্ম ১৯৫০ সনে টাঙ্গাইল জেলায়। তিনি ভূয়াপুর ইবরাহীম খাঁ স্নাতকোত্তর কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। অধ্যাপক নাজির হোসেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বহু রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, কৃষক ক্ষেতমজুর, শিক্ষা ও শিক্ষক আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন। সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০০৮ সালে 'লেখাপ্রকাশ সাহিত্য পুরস্কার' লাভ করেন।

গতকাল বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে অধ্যাপক নাজির হোসেন এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।