কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১০ , ১০:০৫ এএম

কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ছবি: সিটিজেন নিউজ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে সিদ্দিকুর রহমান (৪৮) নামে জালালপুর ইউনিয়ন পরিষদের ওই সাবেক মেম্বার দুর্বৃত্তদের কবলে পড়েন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে ফেলে যায়।

এলাকাবাসীর কাছে এমন খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১ টার দিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা মোকদ্দমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজনের হাতে এই সাবেক মেম্বারের মৃত্যু হতে পারে।