হাসপাতাল কোয়ার্টার থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৭ , ১১:০৬ এএম

হাসপাতাল কোয়ার্টার থেকে চিকিৎসকের লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

হাসপাতাল কোয়ার্টার থেকে সুলতানা পারভীন (৩৭) নামে এক গাইনি চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুলতানা পারভীন মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার আলাউদ্দিন আজাদ ও রহিমা আজাদের মেয়ে। তিনি ৩২তম বিসিএসের মেডিকেলের গাইনি ডাক্তার ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক বলেন, রবিবার ডাক্তার সুলতানা পারভীন অফ ডিউটিতে ছিলেন। সারাদিন তার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। মেলান্দহ থানাকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে রুমে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা জানান, ডাক্তার সুলতানা পারভীনের শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। এটা আত্মহত্যা কিনা, ময়নাতদন্তের পর জানা যাবে।