বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ১৬জন আটক

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৭ , ১০:৪৭ এএম

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ১৬জন আটক ছবি: সিটিজেন নিউজ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জনকে আটক করা হয়েছে। তারা বৈরুত বন্দরের কর্মী। এক সামরিক প্রসিকিউটর জানিয়েছেন,যাদের গাফিলতিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাদের ১৬ জনকে বৃহস্পতিবার (৬ আগস্ট) আটক করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।খবর আল জাজিরার।

সামরিক প্রসিকিউটর ফাদি আকিকি এক বিবৃতিতে বলেন, বৈরুত বন্দরের ১৮ জন স্টাফকে তদন্তের কাজে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল। এদের মধ্যে ১৬ জন এখনও নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন। তদন্তের কাজেই তাদের হেফাজতে রাখা হয়েছে।

আকিকি আরও জানিয়েছেন, আটক হওয়াদের মধ্যে বন্দর ও কাস্টমসের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মী এবং ব্যবস্থাপক রয়েছেন। এর আগে ওই বিস্ফোরণের ঘটনায় দায়ী সন্দেহভাজন বেশ কয়েকজন কর্মকর্তাকে গৃহবন্দী করার নির্দেশ দেয় দেশটির সরকার।

এদিকে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়ালো। আহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমটাই জানানো হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের জন্য এখনো চলছে উদ্ধার তৎপরতা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ঘটা ওই বিস্ফোরণে বৈরুতের ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বুধবার ২ সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে।

মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ঘটা বিস্ফোরণের তীব্রতায় গোটা শহরই কেঁপে ওঠেছিল। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গিয়েছিল বিস্ফোরণের তীব্রতা। শক ওয়েবে ভেঙে পড়েছিল ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ ঘরবাড়ি।