পল্লবী থানায় বিস্ফোরণ; পুলিশের ৫ সদস্য আহত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৯ , ১০:১১ এএম

পল্লবী থানায় বিস্ফোরণ; পুলিশের ৫ সদস্য আহত ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একজন জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অন্য দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাতে পল্লবী থানার পুলিশ একটি অভিযান চালায়। অভিযানে তিন ব্যক্তি গ্রেফতার হন। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইস উদ্ধার করা হয়। সেগুলো থানার ডিউটি অফিসারের রুমে রাখা হয়। আজ সকালে ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইসটি বিস্ফোরিত হয়।

ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপরাধ) আবিদ হোসেন বলেন, এটা কী ধরনের বিস্ফোরণ, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাদিয়া ফারজানা জানান, পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গেছেন। এ পর্যন্ত তারা ২টি বোমা নিষ্ক্রিয় করেছে।