রায়হানকে সাহায্য করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৭ , ০৮:৩৫ পিএম

রায়হানকে সাহায্য করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশি যুবক রায়হান কবিরকে সরকার সাহায্য করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সোমবার (২৭ জুলাই) রেল মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই না আমাদের কোনও প্রবাসী কোনও দেশে সমস্যায় পড়ুক। আমরা দেখবো আমাদের এই ইয়াংম্যানের (রায়হান কবিরের) কোনও অসুবিধা যেন না হয় এবং দুই দেশের সম্পর্কও যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

প্রসঙ্গত, মালেশিয়ায় লকডাউন চলাকালে অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে আল-জাজিরার ১০১ ইস্ট প্রোগ্রামর একটি পর্বে সাক্ষাৎকার দেওয়ার পরই মালয়েশীয় কর্তৃপক্ষের নজরে আসেন রায়হান কবির।

গত ৩ জুন লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন পর্বটি প্রচারিত হয়। ওই পর্বে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে রেড জোনে অভিযান চালানোর সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সমালোচনা তুলে ধরা হয়।

পর্বটি প্রচারিত হওয়ার একদিন পরই রায়হানের অবস্থান সম্পর্কে কারও কোনও তথ্য জানা থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে আহ্বান করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। পরে ওয়ার্ক পারমিট বাতিল করে রায়হানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে মালয়েশিয়া পুলিশ। রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়। এখনও তার আইনজীবীদের সঙ্গে রায়হান কবিরকে দেখা করতে দেয়া হয়নি।