আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৬ , ০৯:২৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। সে দেশের সংবাদমাধ্যম টেকডিপস.কম স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিনকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর নিপীড়নমূলক আচরণ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার কারণে গ্রেফতার করা হয় রায়হানকে।
শনিবার (২৫ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তদন্তে সহায়তা করার জন্য শনিবার থেকে তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
এদিকে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায়হানকে অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে এবং ২৫ বছর বয়সী মো. রায়হান কবিরকে নিজ দেশে ফেরার সময়কালটি দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়।
ওই ডকুমেন্টারির জন্য সাক্ষাৎকার দেওয়ায় ২৪ জুলাই (শুক্রবার) বিকালে রাজধানীর একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে মো. রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.