বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৩ , ০৩:৩৪ পিএম

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩ ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর বংশালের কসাইটুলীতে গ্যাসলাইন বিস্ফোরণে মইনুল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তার বাবা-মা ও বড় বোন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মৃত মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বড় বোন জান্নাতুল ইসলাম (৪)।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, সকালে কসাইটুলীতে সড়কের পাশের গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে এবং একই পরিবারের ৪ জন দগ্ধ হন। এসময় ঘটনাস্থলেই শিশু মইনুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে বুধবার সড়কে গ্যাসলাইন মেরামত করা হয়। সেখানে কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে। এ কারণে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর।