র‌্যাবের কাছে সাহেদের বিরুদ্ধে একদিনেই ৯২ অভিযোগ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১৯ , ০৯:৪১ এএম

র‌্যাবের কাছে সাহেদের বিরুদ্ধে একদিনেই ৯২ অভিযোগ ছবি: সিটিজেন নিউজ

র‌্যাবের অভিযোগ সেলে গত ২৪ ঘণ্টায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে ৯২টি অভিযোগ করা হয়েছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীদের আইনি সহায়তা দেয়া হবে।

শনিবার (১৮ জুলাই) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, শুক্রবার অভিযোগ সেল খোলা হয়। এরপর সেখানে ভুক্তভোগীরা যোগাযোগ করেন এবং তারা লিখিতভাবে ৯২ টি অভিযোগ করেছেন। এসব অভিযোগ মামলার তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হবে। ভুক্তভোগীদের আইনি সহযোগিতা দেয়া হবে।

অভিযোগের মধ্যে রয়েছে-পাওনা টাকা, করোনা টেস্টের নামে ভুয়া সনদ দেয়া, ব্যবসায়ীর কাছ থেকে পণ্য নিয়ে বিক্রি করে টাকা না দেয়া, জাল টাকা দিয়ে প্রতারণা করা।

র‌্যাব জানায়, সাহেদকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রতারণার নানা তথ্য বেরিয়ে আসছে। ভুক্তভোগীরা আদালতে গিয়ে অভিযোগ বলার চেষ্টা করছেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন জানিয়েছেন, সাহেদের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে গেছে। স্বাস্থ্য খাত ছাড়া বিশেষ করে শিক্ষা খাতেও তার প্রতারণার বিষয়টি তদন্তে পাওয়া গেছে।

সাহেদ ফেসবুকে ভুয়া কম্পানির নামে পেইজ খুলে প্রতারণা করতেন উল্লেখ করে কমিশনার বাতেন বলেন, সাহেদ ফেসবুকে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের পেইজ খুলে এই করোনাকালীন পিপিই, মাস্ক ও ডেথ বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন। স্বাস্থ্য খাতে তিনি প্রায় ৫০ হাজার পিপিই, এক লাখ মাস্ক ও ২০ হাজার বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন। প্রকৃতপক্ষে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের কোনো গার্মেন্টসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি সাব-কন্ট্রাক্টে ছোট গার্মেন্ট ও ফ্যাক্টরি থেকে নিম্নমানের কাপড় দিয়ে এসব সুরক্ষাসামগ্রী তৈরি করিয়েছিলেন।