লঞ্চডুবির ঘটনায় ময়ূর লঞ্চের মাস্টার গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৩ , ১০:১৪ এএম

লঞ্চডুবির ঘটনায় ময়ূর লঞ্চের মাস্টার গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাতে কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৩ জুলাই) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে।

এছাড়াও এ ঘটনায় বিস্তারিত তথ্য আজ দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

এর আগে গত ২৯ জুন সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনার শিকার হলে নৌ-পুলিশের পক্ষ থেকে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ৮ জুলাই দিনগত রাত তিনটার দিকে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালামকে গ্রেফতার করে নৌ পুলিশ।

উল্লেখ্য, লঞ্চ দুর্ঘটনায় দুর্ঘটনা কবলিত এমএল মর্নিং বার্ড নামে ওই যাত্রীবাহী লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামে আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। দুর্ঘটনায় ৩৪ জন জনের মৃত্যু হয়।