বিদেশ গমনে করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১২ , ০৭:১৯ পিএম

বিদেশ গমনে করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক ছবি: সিটিজেন নিউজ

বিদেশে গমনকারী সব বাংলাদেশিকে এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে করোনা পরীক্ষা করে এ সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

রোববার (১২ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে এক বিশেষ ভার্চুয়াল আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়ার বিষয়ে এ সভায় সুপারিশ করা হয়। তা ছাড়া কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্তমন্ত্রণালয় সভায় স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অংশগ্রহণ করেন। এ ছাড়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সভায় সংযুক্ত ছিলেন।