দক্ষিণ আফ্রিকা ও সৌদিতে ৩ বাংলাদেশি নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৬ , ১১:০৭ এএম

দক্ষিণ আফ্রিকা ও সৌদিতে ৩ বাংলাদেশি নিহত ছবি: ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকা ও সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছে। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল হাইওয়ে (এন-৬) রোডে ২ বাংলাদেশি ও শনিবার (৪ জুলাই) রাতে সৌদির রাজধানী রিয়াদ থেকে প্রায় এক হাজার কিলোমিটার পশ্চিমে ১ বাংলাদেশি নিহত হয়।

দক্ষিণ আফ্রিকায় নিহতরা হলেন- মহসিন রাজা সুমন মিয়া (২৮) ও আবদুল মান্নান (২৯)।নিহত সুমন হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মিয়াবাড়ির কারি মুখলেসুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। আরেকজন বাংলাদেশি হলেন, আবদুল মান্নান।

এ ছাড়া সৌদিতে নিহত যুবকের নাম আবদুল্লাহ আল নোমান (২৪)।নিহত তরুণের বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাজীরবাজার সংলগ্ন গোবিন্দপুর গ্রামে।

জানা যায়, সুমন তার বন্ধু মান্নানসহ তিনজন সাউথ আফ্রিকার কুইন্স টাউন থেকে ব্লুম ফমফন্টেইন শহরে আসছিলেন। এ সময় পথে ন্যাশনাল হাইওয়ে (এন-৬) রোডে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

অপর দিকে, শনিবার (৪ জুলাই) রাতে কোম্পানির গাড়িতে করে রাজধানী রিয়াদ থেকে প্রায় এক হাজার কিলোমিটার পশ্চিমে জিজান শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় রাতে কোম্পানির পক্ষ থেকে নোমানের মৃত্যুর বিষয়টি তার মামা সৌদি প্রবাসী আবদুল আউয়াল খোকনকে জানানো হয়।

খোকন গণমাধ্যমকে জানান, শনিবার রাতে দুর্ঘটনার পর নোমানের খোঁজ মিলছিল না। রবিবার দিনভর বিভিন্ন হাসপাতালে খোঁজ নেয়ার পর সন্ধ্যায় কোম্পানির লোকেরা একটি হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন।