লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে মামলা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-৩০ , ১০:৪৪ এএম

লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে মামলা ছবি: সিটিজেন নিউজ

বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ৩২ জন নিহতের ঘটনায় ময়ূর লঞ্চ-২এর মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোর রাতে নৌ-পুলিশের এসআই শামছুল আলম দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এরআগে রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চটি ডুবে যায়। মর্নিং বার্ড নামের নৌযানটিতে ৫০ জন যাত্রী ছিলেন। সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় এই লঞ্চটি ডুবে যায়। সোমবার রাত পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং রাত সোয়া ১০টার দিকে প্রায় ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।

নৌ-পুলিশের এসআই শামছুল আলম জানান, বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ৩২ জন নিহতের ঘটনায় ময়ূর লঞ্চ-২এর মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।