দেড় কোটি টাকার ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৩ , ১২:২৪ পিএম

দেড় কোটি টাকার ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ার রাজধানীর সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিকে গ্রেফতার করে সুবাং জায়া জেলা পুলিশ। এসময় তার কাছ থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।

রাজধানীর সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার (২৩ জুন) এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত সাড়ে আটটায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেট ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ কারও নাম প্রকাশ করেনি।

আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে। যাদের বয়স ৩০ থেকে ৪০ বছর।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধার করা সাবু (ইয়াবা) যার দাম ৮ লাখ মালায় রিংগিত (টাকায় ১ কোটি ৬০ লাখ)।

তিনি বলেন, গ্রেফতার হওয়াদের প্রস্রাব পরীক্ষা করে দুইজনের ড্রাগ-পজেটিভ পাওয়া গেছে। এসময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯ বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।