নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-২২ , ০২:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুলের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব স্থগিত করার পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে পাপুলের স্ত্রী, মেয়ে ও শ্যালিকার বিষয়েও চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির প্রধান কার্যালয় থেকে রবিবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) প্রধান বরাবর ওই চিঠি দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে কাজী সহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনের ব্যক্তিগত ও ব্যবসায়ীক দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব ব্যাংক হিসাব স্থগিত আদেশের জন্য অনুরোধ করেছেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
চিঠিতে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাদের ব্যাংক হিসাবগুলো স্থগিত করার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধও করা হয়েছে।
গত ১৮ জুন পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশনে চিঠি দেয় দুদক।
সংসদ সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী সহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অবৈধভাবে গ্রাহককে লোন বরাদ্দ করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ মানিল্ডারিং করে বিদেশে পাচার এবং শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.