সৌদি থেকে দেশে ফিরলেন ৩৮৬ বাংলাদেশি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২২ , ০১:৫১ পিএম

সৌদি থেকে দেশে ফিরলেন ৩৮৬ বাংলাদেশি ছবি: ইন্টারনেট

সৌদি আরবে আটকেপড়া ৩৮৬ বাংলাদেশি বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। রোববার (২১ জুন) রাতে বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বোয়িং ৭৭৭ যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশিরা দেশে ফিরতে পারছে না।

এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। জেদ্দা থেকে বিমানের আরেকটি বিশেষ ফ্লাইট আগামী ১ জুলাই ঢাকার উদ্দেশে ছেড়ে আসার শিডিউল রয়েছে।

এর আগে গত ১১ মার্চ সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা যারা দেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের দেশে ফেরার উদ্যোগ গ্রহণ করে দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিরা আবেদন করলে, তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের তালিকা চূড়ান্ত করা হয়।