কারফিউ প্রত্যাহার করে নিল সৌদি আরব

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২১ , ১২:২৪ এএম

কারফিউ প্রত্যাহার করে নিল সৌদি আরব ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে জারিকৃত লকডাউন ও কারফিউ প্রত্যাহারের করে নিল সৌদি আরব।সৌদি গেজেট এবং আরব নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরআগে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, মক্কা মুকাররমা ও বন্দর নগরী জেদ্দাসহ সারা দেশে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে তাদের প্রতিষ্ঠান চালাতে পারবে। অবশ্যই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

এদিকে, পৌর ও পল্লীবিষয়ক মন্ত্রণালয়ও জানিয়েছে, পুরুষদের সেলুন এবং নারীদের বিউটি পার্লারেও রোববার থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

তবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওমরাহ এবং আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত থাকবে এবং স্থল ও সমুদ্রসীমাও বন্ধ থাকবে বলে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এই সময়ে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে এবং ৫০ জনের বেশি লোকের জমায়েত না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাইরে থাকাকালীন সবাইকে সার্বক্ষণিক মাস্ক পরতে হবে। প্রতিরোধমূলক যেকোনো পদক্ষেপ অমান্য করলে তাদের শাস্তির আওতায় আনা হবে বল সতর্ক করা হয়েছে।