২১ জুন ঢাকা-দুবাই এমিরেটস চলাচলে অনুমোতি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২০ , ০৮:৫৫ এএম

২১ জুন ঢাকা-দুবাই এমিরেটস চলাচলে অনুমোতি ছবি: ইন্টারনেট

দীর্ঘ দিনের পিছিয়ে পড়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ২১ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উড়োজাহাজ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্সকে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনায় অনুমতি দিয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আগামী ২১ জুন থেকে দুবাই-ঢাকা রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট শুরু করবে তারা। ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার জন্য আরো দুটি এয়ারলাইন্স আবেদন করেছে বলেও জানান তিনি।

মফিদুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে ইউএইতে বাংলাদেশি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কেবল ঢাকা-দুবাই রুটে ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস এয়ারলাইন্স। তবে তাদের দেশের (ইউএইতে) নাগরিক আসা যাওয়া করতে পারবে।

তিনি বলেন, ‘আমাদের দেশের নাগরিক যেন ইউএইতে ঢুকতে পারে সে বিষয়ে তাদের এভিয়েশন কর্তৃপক্ষের কাছে আবেদন এবং দোহাতেও যাতে বাংলাদেশি নাগরিক ঢুকতে পারে সে বিষয়ে চিঠি দিয়েছি।’

 বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এয়ার এরাবিয়াও বাংলাদেশে ফ্লাইট চালু করতে চায়। এ বিষয়ে তাদের সঙ্গেও আলোচনা চলছে। আমরা খুব শিগগিরই অনুমতি দেব।’ তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ১৬ জুন থেকে সীমিত আকারে আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু হয়েছে। এখন যেসব বিমান সংস্থা বাংলাদেশে ফ্লাইট চালাতে আবেদন করবে আমরা সেটি বিবেচনা করব।’