১৪ জুন মাঠে নামছে বার্সা-রিয়াল

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০২ , ১১:২১ এএম

১৪ জুন মাঠে নামছে বার্সা-রিয়াল ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসকে পেছেনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবলের লিগের মধ্যে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে জার্মান বুন্দেসলিগা। এদিকে আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে স্প্যানিশ লিগ লা লিগাও। স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ হবে ১৪ জুন।

লা লিগা ফেরার দিনক্ষণ আগেই ঠিক হলেও খেলার সূচি ঠিক করা ছিল না। তাই এবার ম্যাচের সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। ১১ জুন সেভিয়া ও রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে স্প্যানিশ ফুটবল লিগ।

এর তিনদিন পর, ১৪ জুন রাত সাড়ে ১১টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৪ জুন দিবাগত রাতে সন ময়েক্স স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের ১৮ নম্বর দল রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা।

চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট তালিকায় ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর দুই পয়েন্ট কম নিয়ে ৫৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে রিয়াল।

প্রসঙ্গত, আগামী ১৭ জুন থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ আর ২০ জুন থেকে মাঠে গড়াবে ইতালিয়ান সিরি’আ। তবে করোনার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিকে চ্যাম্পিয়ন করে মৌসুম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।