খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২৬-০৭-০২ , ০৯:১৩ এএম
ছবি: আন্তর্জাল
বিশ্বকাপে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক আনন্দ উদ্যাপন করতে গিয়ে মেক্সিকোর রাজধানীতে শ্বাসরুদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
জানা যায়, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে। এই জয়ের পর উল্লাস করতে হাজার হাজার ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির অন্যতম প্রধান সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায় জড়ো হন। উদ্যাপনের একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে শ্বাসকষ্টজনিত কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, নিহতদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুজন নারী রয়েছেন।
জরুরি সেবার পদক্ষেপ সম্পর্কে তিনি উল্লেখ করেন, ওই এলাকায় তিনজন অজ্ঞান হয়ে পড়ার খবর পেয়ে চিকিৎসক ও উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। তাদের বাঁচাতে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ পরবর্তী সময়ে চতুর্থ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর খিঁচুনি এবং পাকস্থলীর রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
দুঃখ প্রকাশ করে ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো আনন্দ উদ্যাপনে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর দীর্ঘ চার দশক পর নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল মেক্সিকো। কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত এই ঐতিহাসিক জয়ের উদ্যাপন শেষ পর্যন্ত রূপ নিল বিষাদে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.