নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৫ , ০৬:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
যথাযোগ্য মর্যাদায় আজ সোমবার (২৫মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিবছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও এ বছর করোনাভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি অনুসরন করে সীমিত পর্যায়ে কর্মসূচি গ্রহন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে ছিল সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও দোয়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।তিনি কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি, সাম্য ও মানবতার কবি। তিনি সবসময় অন্যায়-অত্যাচার ও অসাম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদী ছিলেন।
তাঁর লেখা গান, কবিতা, গল্প ও উপন্যাস আমাদের স্বাধীনতা যুদ্ধে সকলকে উদ্বুদ্ধ করেছে বলে উল্লেখ করে উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, কবির অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে সকলে উজ্জীবিত হয়ে ধৈর্য ও সাহসিকতার সাথে করোনাভাইরাস উদ্ভূত দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে।
এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত ‘জাগো অমৃত পিয়াসী’ শীর্ষক আনুমানিক ৫০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান আজ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারিত হয়। এছাড়াও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে নজরুলের উপর নির্মিত অনুষ্ঠান প্রচার করছে এবং করবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.