প্রবীণ সাংবাদিক অরুণ দাশগুপ্ত আর নেই

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-১০ , ০৫:১৯ পিএম

প্রবীণ সাংবাদিক অরুণ দাশগুপ্ত আর নেই ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ৮৭ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিক আজ শনিবার  (১০ই জুলাই) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট নিজ গ্রামের বাড়িতে মারা যান। 

অরুণ দাশগুপ্ত দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের হাত ধরে ১৯৭৩ সালে যোগ দেন দৈনিক আজাদীতে। তিনি ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক। পত্রিকাটির সাহিত্য পাতা প্রকাশিত হয়েছে তার নিবিড় তত্ত্বাবধানে।

১৯৩৬ সালের ১ জানুয়ারি ধলঘাট গ্রামে জমিদার যশোদা নন্দন ওয়াদ্দেদার (দাশগুপ্ত) এর পুত্র অবিনাশ ওয়াদ্দেদারের ঔরসে জন্ম অরুণ দাশগুপ্তর। কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ক্ষেত্রে তার অবাধ বিচরণ। পেয়েছেন অনেক পুরস্কার।  অরুণ দাশগুপ্ত রচিত ও প্রকাশিত গ্রন্থাবলী রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য, নবীনচন্দ্র সেন, কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ, কবিতার বই খাণ্ডবদাহন।  

ধলঘাট স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেন তিনি। দেশমাতৃকার টানে ফিরে আসেন চট্টগ্রামে। ততদিনে জমিদারি প্রথা বিলুপ্তির পথে। হাতছাড়া হয়ে গেছে বিপুল সম্পদ। এসময় মিরসরাইয়ের এক গ্রামে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ে তিনি নিলেন শিক্ষকতার চাকরি। এরপর ফটিকছড়ির নারায়ণহাট স্কুলে। অবশেষে সব ছেড়ে আসেন সাংবাদিকতায়।

কবির সর্বশেষ অবস্থা জানিয়ে লেখক রবিন ঘোষ বলেন, অরুণ দাশগুপ্ত কখনো ভাবেননি পূর্বপুরুষের সম্পদ নিয়ে। কিছু দান করেছেন, কিছু হাতছাড়া হয়েছে নানা কারণে। নারায়ণ দে নামের এক ভদ্রলোক ও তার পরিবার পিতৃতুল্য কবিকে দেখভাল করেছেন।