সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-১২ , ১১:০২ এএম
কোভিড-১৯ মহামারির কারণে উদ্ভুত পরিস্থিতে বিগত বছরের মতো প্রাঙ্গণজুড়ে আয়োজিত হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। কিন্তু পাঠক ও প্রকাশকদের হতাশ না করতেই এবারের (২০২১ সাল) অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজনের উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। তবে সে আয়োজন কেমন বা কিভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি বাংলা একাডেমির পক্ষ থেকে।
এদিকে প্রকাশকদের দাবি, মেলা আয়োজন হওয়া না হওয়া নিয়ে কিছুই জানেন না তারা। তবে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজনের কোনও সুযোগ নেই, আর তা কখনোই গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন তারা।
এদিকে ভার্চুয়ালি অমর একুশে গ্রন্থমেলার আয়োজনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল ফিরোজ৷
তিনি শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সময় সংবাদকে বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। আপাতত ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ভার্চুয়ালি কিভাবে এই আয়োজন করা হবে, আয়োজক সংস্থার পরিকল্পনা সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানান বাংলা একাডেমির এই পরিচালক।
কোভিড-১৯ মহামারির উদ্ভুত পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। আর এ সংক্রান্ত একটি প্রস্তাবনাও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি।
শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
তবে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন স্থগিতের ব্যাপারে কিছুই জানে না প্রকাশনী সংস্থাগুলো। এব্যাপারে সময় প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ সময় সংবাদকে জানান, অমর গ্রন্থমেলার আয়োজন স্থগিত করা কিংবা কিভাবে আয়োজন করা হবে সে ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে ভার্চুয়ালি যদি অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.