আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ০৫:৩৬ পিএম
ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ প্রতিরোধে দুবাইয়ের দুই শতাধিক স্বাস্থ্যকর্মীকে ১০ বছরের গোল্ডেন ভিসা দিবে সংযুক্ত আরব আমিরাত সরকার। সামনের সারিতে সেবা প্রদান করায় তাদের এই উপহার দেওয়া হচ্ছে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গোল্ডেন ভিসা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সব মিলিয়ে ২১২ জন স্বাস্থ্যকর্মীকে উপহারটি দিচ্ছেন তারা।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত জুড়ে দিনরাত পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কোভিড-১৯ রোগীদের বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়ায় তাদের ভূয়সী প্রশংসা করেন আমিরাতের রাষ্ট্রপতি।
গত বছর গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। সাধারণত উদ্ভাবক, চিকিৎসক, বিজ্ঞানী, বিনিয়োগকারী, গবেষক ও বিভিন্ন খাতের উদ্যোক্তাদের এটি দিয়ে থাকে আমিরাত সরকার।
দুবাই হেলথ অথোরিটির মহাপরিচালক হুমায়েদ আল কুতাম মনে করেন, মনোবল বৃদ্ধি ও রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে উৎসাহিত করতেই পেশাদার স্বাস্থ্যকর্মীদের গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির নতুন আদেশ অনুযায়ী, ভিসা সম্পর্কিত সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে। ফলে গত ১ মার্চের আগে যাদের বসবাসের বৈধ কাগজপত্র এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জরিমানা দিতে হবে না।
আমিরাতে পরিচয়পত্র ও নাগরিকত্বের ফেডারেল অথোরিটির মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি জানান, আগামী ১৮ মে’র পর থেকে যারা আমিরাত ছেড়ে যেতে চান তাদের জরিমানা দিতে হবে না। এ সুযোগ থাকবে তিন মাস। অবশ্য কোনও সুবিধাভোগী প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ফিরতে বাধা থাকবে না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.