রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ১০:১১ এএম

ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪ টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। সর্বশেষ তিনি ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পরিবার জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে সেহরীর জন্য ডাকতে গেলে কোনো সাড়া না পাওয়ায়, জামিলুর রেজাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্ম তার। ১৯৬৩ সালে প্রভাষক হিসেবে বুয়েটের পুরকৌশল বিভাগে যোগ দেন এবং ২০০১ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন তিনি।

জামিলুর রেজা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন এ জাতীয় অধ্যাপক।

কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন এই খ্যাতিমান প্রকৌশলী।

পারিবারিক সূত্র জানায়, তার জানাজা মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ জোহর ধানমণ্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ছেলে আমেরিকা এবং মেয়ে ইংল্যান্ডে থাকায় তারা উপস্থিত হতে পারছেন না বলে জানা গেছে।