২০ লাখে বিক্রি হলো সাকিবের সেই ব্যাট

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৭:৫৮ এএম

২০ লাখে বিক্রি হলো সাকিবের সেই ব্যাট ছবি: ইন্টারনেট

২০১৯ সালে অনুষ্ঠিত ইংল্যান্ড বিশ্বকাপে একটি ব্যাট ব্যবহার করে আট ম্যাচে ৬০৬ রান করেছিলেন সাকিব আল হাসান। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সেই ব্যাটটি নিলামে বিক্রি করে তিনি আয় করেছেন ২০ লাখ টাকা। এই অর্থ ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’- এর মাধ্যমে ব্যয় করা হবে দেশের সুবিধাবঞ্চিতদের সাহায্যার্থে।

বুধবার (২২এপ্রিল) রাত ১১টা ১৫ মিনিটে শেষ হয় নিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অকশন ফর অ্যাকশন’ পেইজ থেকে নিলাম আয়োজন করা হয়। সাকিবের প্রিয় ব্যাটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ টাকা। শেষ পর্যন্ত তা ২০ লাখ টাকায় গিয়ে পৌঁছায়।

অনেক দর কষাকষির পর রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি ব্যাটটি নিলাম থেকে কিনে নিয়েছেন। সাকিবের প্রিয় ব্যাটটি কিনতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রাজ। সাকিবও তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সারা বিশ্ব থেকেই সাকিবের প্রিয় ব্যাটটি পেতে ক্রিকেটভক্তরা আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অনেকেই ব্যাটটি কিনতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশিই সাকিবের ব্যাটের মালিক হলেন।

২০১৯ বিশ্বকাপের পুরোটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬০৬ রান করেন তিনি। এছাড়া বিশ্বকাপের আগে-পরে সব মিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।

এর আগে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সহায়তা করার জন্য ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ইতিহাসরাঙানো অমূল্য ব্যাটটি শিগগিরই নিলামে তুলতে যাচ্ছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।