ঢাকা উত্তর সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-০১ , ০৪:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডে জরুরি খাদ্য সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কাউন্সিলর সালেক মোল্লার বিরুদ্ধে।গরীব-দুস্থ, দিনমজুরদের জন্য বরাদ্দকৃত এসব জরুরি খাদ্য সামগ্রী বিতরণের কথা থাকলে ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লা তার নিজস্ব লোকদের মাঝে বিতরণ করছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১৭)এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ নং ওয়ার্ড এলাকার জন্য ৫শ’ গরীব-দুস্থদের জরুরি খাদ্য সামগ্রী আসে। এসব খাদ্য সামগ্রী নিয়ম অনুযায়ী মানিকদী, মাটিকাটা, বালুঘাট, লালারসই, ধামালকোর্ট, আলুব্দীরটেক, বাইগারটেক, বারনটেক, ভাষানটেক এলাকা থেকে নিতান্ত গরীব-দুস্থ ও দিনমজুরদের হাতে পৌঁছানোর কথা থাকলে তা করা হয়নি।
দিনমজুরদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর এসব জরুরি খাদ্য সামগ্রী তার নিজস্ব লোকদের মাঝে বিতরণ করেছে।
ভাষাণটেক থানা আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদকসহ আরও অনেকের অভিযোগ রয়েছে,জরুরি খাদ্য সামগ্রী আসার আগে বা পরে স্থানীয় আওয়ামী লীগ কমিটি বা সকলের সমন্বয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা উচিত। কিন্তু স্থানীয় কাউন্সিলর সালেক মোল্লা এসব জরুরি খাদ্য সামগ্রী এনে তিনি তার নিজস্ব লোকদের মাঝে বিতরণ করেছেন।
ভাষাণটেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত দেওয়ান সিটিজেন নিউজকে জানান, ১৫নং ওয়ার্ডের অধিকাংশ গরীব-দুস্থরা জরুরি খাদ্য সামগ্রী পায়নি। কাউন্সিলর সালেক মোল্লা নিজে তালিকা তৈরি করে তার নিজস্ব লোকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজমত দেওয়ান বলেন, স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি আমরা জানিয়েছি। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর সালেক মোল্লা সিটিজেন নিউজকে জানান, ‘স্থানীয় এমপি এবং জেলা প্রশাসন হতে ৫শ’ জনকে জরুরি খাদ্য সামগ্রী দিতে বলা হলে আমি বস্তির বিভিন্ন লোকদের সহায়তায় ভোটার আইডি সংগ্রহ করে একটি তালিকা তৈরি করি। পরে ওই তালিকা অনুযায়ী খাদ্য বন্টর করা হয়।’
সালেক মোল্লা বলেন, ওয়ার্ডের সবাইকে যদি খাদ্য সামগ্রী দিতে হয় তাহলে কয়েক লাখ মানুষের তালিকা করতে হবে। যেটা সম্ভব না।তিনি বলেন, ‘সিটি করপোরেশনের কর অঞ্চল-২ থেকে আরও ৫শ’ জনের তালিকা করতে বলা হয়েছে। আমরা তালিকা করছি। বরাদ্দ পেলে সেভাবেই ওই ৫শ’ জনকে দেয়া হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘যে ৫শ’ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তাতে কোনও অনিয়ম হয়নি।
ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিটিজেন নিউজকে জানান,অনিয়মের বিষয়ে আমি তেমন অভিযোগ পাইনি। তবে, ১৫নং ওয়ার্ডের ৫-৬টি এলাকায় ওইসব খাদ্য সামগ্রী পায়নি এমন তথ্য আমি পেয়েছি।
তিনি বলেন, আগামীতে আরও খাদ্য সামগ্রী আসবে তখন নিতান্তই গরীব, দিনমজুর যারা আছে তাদের হাতে যাতে পৌঁছায় সেদিকে খেয়াল রাখা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.