ইরানে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৬-০৩-০৩ , ১২:১৪ পিএম

ইরানে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছবি: আন্তর্জাল

রানে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদ ও নিন্দা জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে সমবেত হয়। স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) দেশটির বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর সিএনএন

যুদ্ধ ও দখলদারিত্ব বিরোধী সংগঠন অ্যানসার কোয়ালিশন সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবারকে ইরান যুদ্ধ বন্ধ করো স্লোগানে জাতীয় প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা করেছিল। তাদের ওয়েবসাইটে সোমবার সারা দেশে পরিকল্পিত অসংখ্য বিক্ষোভ কর্মসূচির তালিকা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তীব্র শীত উপেক্ষা করে বোস্টনবাসীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা অনৈতিক ও বিপজ্জনক যুদ্ধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বিক্ষোভকারীদের একটি বিশাল দল সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরের রাস্তায় শান্তিপূর্ণ পদযাত্রা করে। এসময় তাদের হাতে থাকা ব্যানার ও পোস্টারে এখনই ইরান থেকে হাত গুটিয়ে নাও স্লোগান লেখা ছিল।

তবে শহরের অন্য প্রান্তে ভিন্ন চিত্রও দেখা গেছে। টাইমস স্কয়ারে কয়েক ডজন ইরানি-আমেরিকান নাগরিক ইরানের সর্বোচ্চ নেতার নিহতের খবরকে স্বাগত জানাতে এবং শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে জড়ো হন। টিনা রাহভার নামে এক ইরানি-আমেরিকান বিক্ষোভকারী বলেন, নিজের মাতৃভূমি আক্রান্ত হলে কেউ খুশি হয় না। কিন্তু যখন একটি দেশের গোটা জাতি বোমা হামলার জন্য আকুতি জানায়, তখন বুঝতে হবে সেখানে বড় কোনো সমস্যা আছে।

লস অ্যাঞ্জেলেসেও বিক্ষোভকারীরা হামলার বিরুদ্ধে র‌্যালি করেন এবং ইরানে কোনো যুদ্ধ নয় স্লোগান দিয়ে মার্কিন সামরিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

এছাড়া শিকাগো, পোর্টল্যান্ড, ওরেগন এবং উইসকনসিনের ম্যাডিসন শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।