যুক্তরাষ্ট্রের রেকর্ড তুষারপাত, ৫০০০ ফ্লাইট বাতিল

 শহীদুল্লাহ ওসমানী। ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
আপডেট: ২০২৬-০২-২৪ , ০৪:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের রেকর্ড তুষারপাত, ৫০০০ ফ্লাইট বাতিল ছবি: নাগরিক পত্রিকা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার একটি তীব্র ঝড় আঘাত হানে। এর পরেই রেকর্ড পরিমাণ তুষারপাতে লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত এবং হাজারো ফ্লাইট বাতিল হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত হয়েছে, আর নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে তুষারের পরিমাণ ১৯ ইঞ্চির বেশি। নিউইয়র্কে প্রায় অসম্ভব যাতায়াত পরিস্থিতির সতর্কতা জারি করেছে একটি প্রদেশিক সংস্থা।

নিউইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ৮০ লাখের বেশি জনসংখ্যার এ শহর প্রায় থমকে যায়। যদিও স্থানীয় সময় দুপুরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেখানেসব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ ছিল।

পূর্ব উপকূলে ছয় লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল, যার মধ্যে নিউ জার্সি ও ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

নর্থ ক্যারোলাইনা থেকে মেইনের উত্তরাঞ্চল পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি ছিল এবং আরো উত্তরের পূর্ব কানাডার কিছু এলাকাতেও সতর্কতা কার্যকর ছিল।

এনডব্লিউএস জানায়, সোমবারজুড়েই তুষারপাত অব্যাহত থাকার সম্ভাবনা ছিল এবং উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকায় মঙ্গলবার সকালে মোট তুষারপাত এক থেকে দুই ফুট (৩০ থেকে ৬১ সেন্টিমিটার) পর্যন্ত পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডেই এ ঝড়ে সর্বাধিক তুষারপাত হয়েছে বলে মনে হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, এটি অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়ে পরিণত হয়েছে।