৯ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৫-০২-১০ , ১১:৪০ এএম

৯ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি ছবি: ইন্টারনেট

সারা দেশে অভিযান চালিয়ে গত সাত দিনে ২১ হাজার অবৈধ অবিবাসীকে আটক করেছে সৌদি সরকার। এর মধ্যে ৮ হাজার ৭০০ জনকে এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাসস্থান, শ্রম এবং সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে ২১ হাজার ৪৭৭ ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে প্রায় ৯ হাজার ব্যক্তিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৬৩৮ জন আবাসিক আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৬৬৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ১৭৬ জন শ্রমকে আইন লঙ্ঘনকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যৌথ বাহিনীর অভিযানের সময়ে ১ হাজার ৩১৬ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার সময়ে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪০ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৮ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ ছাড়া অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টার সময়ে আরও ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।