আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৩-০২-২৬ , ০৮:৪৯ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চলতি মাসের প্রথম ২৪ দিনে ১৩৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৪ হাজার ২৩১ কোটি টাকা (১০৭ টাকা ডলার হিসাবে)। রোববার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ১৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ১৮ লাখ ডলার।
এর আগে, জানুয়ারি মাসে রেমিট্যান্সের প্রবাহে বড় উত্থান পরিলক্ষিত হয়। গত মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ১৯৫ দশমিক ৮৯ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে জানা যায়, গত জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে কিছুটা কমে, আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।
পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসীদের আয়ের অঙ্ক। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।
রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করেন, আসন্ন রমজান ও ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসব থাকায় প্রবাসী আয়ের পালে সুবাতাসই বইবে। কাজেই সামনে রেমিট্যান্স আরও বাড়বে বলে মনে করেন তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.