জান্তা সরকারের দমন-নিপীড়ন অব্যাহত

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-২১ , ১০:৫৪ এএম

জান্তা সরকারের দমন-নিপীড়ন অব্যাহত ছবি: সিটিজেন নিউজ

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ও পুলিশের গুলিতে প্রায় আড়াইশ বিক্ষোভকারী নিহতের প্রতিবাদে শনিবার রাতেও মিয়ানমারের বিভিন্ন শহরে ছোট ছোট বিক্ষোভ হয়েছে। এসময় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা।

পুলিশও রাতভর তাদের অভিযান অভ্যাহত রেখে আটক করে অন্তত ২০ জনকে। এদিকে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে পশ্চিমাদেশগুলোর চাপ অব্যাহত রয়েছে। 

শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের গুলি বন্ধে পশ্চিমাদের পাশাপাশি এবার সোচ্চার হয়েছে আসিয়ান প্রতিবেশীরাও। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিক্ষোভকারীদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে আসিয়ান সভাপতিকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নিন্দা জানিয়েছেন। ১লা ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৮ জনে।