ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৪ , ০৯:৩৩ এএম

ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন ছবি: সিটিজেন নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রজেকশন অনুযায়ী, এখন পর্যন্ত ১৮টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ভোটের ফলাফল মিলেছে। অন্য অঙ্গরাজ্যগুলোতে ভোট গণনা চলছে।

এ পর্যন্ত পাওয়া ফলে দেখা গেছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ১০টি অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৭২টি ইলেকটোরাল কলেজ ভোট। আর বাইডেন আটটি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় পেয়েছেন ৮৯ ভোট।

অবশ্য পপুলার ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন তিন কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৬৪০ ভোট। আর বাইডেন পেয়েছেন তিন কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৫৩ ভোট।

বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিট নাগাদ নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ওকলাহোমা, আরকানসাস, টেনেসি, কেনটাকি, ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলাইনা, আলাবামা ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এর মধ্যে আরকানসাসে ছয়টি, ইন্ডিয়ানায় ১১টি, কেনটাকিতে আটটি, নর্থ ডাকোটায় তিনটি, ওকলাহোমায় সাতটি, সাউথ ডাকোটায় তিনটি, টেনেসিতে ১১টি, সাউথ ক্যারোলাইনা নয়টি, আলাবামায় নয়টি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় পাঁচটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি।

অন্যদিকে জো বাইডেন নিউইয়র্ক, ভারমন্ট, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, নিউজার্সি, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড ও কলোরাডো অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জয় পেয়েছেন। এর মধ্যে কলোরাডোয় নয়টি, কানেকটিকাটে সাতটি, ডেলাওয়ারে তিনটি, ম্যারিল্যান্ডে ১০টি, ম্যাসাচুসেটসে ১১টি, নিউজার্সিতে ১৪টি, নিউইয়র্কে ২৯টি ও ভারমন্ট অঙ্গরাজ্যে তিনটি এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় তিনটি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন।

এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলের দিকে বিশ্লেষকরা বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন – কারণ এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’। অঙ্গরাজ্যটিতে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করা হচ্ছে। জর্জিয়ার ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি।