আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৫ , ১০:৪০ এএম
ছবি: সিটিজেন নিউজ
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় তিনি আগাম ভোট দেন।
পরে নিজেই প্রকাশ্যে জানিয়ে দেন, ডোনাল্ড ট্রাম্প নামের একজন প্রার্থীকে আমি ভোট দিয়েছি। তাছাড়া ৩ নভেম্বর ভোটের দিনই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। খবর সিএনএনের
এ দিকে ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বিতর্ক শেষে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। জয়লাভ করলে মাস্ক পরা বাধ্যতামূলক এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন সবাইকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন তিনি। শনিবার বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুটি ইভেন্টে প্রচারণায় অংশ নেন।
এদিন ট্রাম্পও ভোট দেওয়ার পর তিনটি সুইং স্টেটে নিজের নির্বাচনি প্রচারণা চালান। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা হিসেবে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত বছর তিনি নিজের আবাসনের রাজ্য আনুষ্ঠানিকভাবে বদলে ফেলেন। নিজের স্থায়ী ঠিকানা ও ভোটার রেজিস্ট্রেশন ফ্লোরিডায় স্থানান্তর করেন তিনি।
বিশ্লেষকদের মতে, এর প্রধান উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ ওই অঙ্গরাজ্যটিতে জয় পাওয়া। এবারের নির্বাচনে ফ্লোরিডা অন্যতম ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেট হিসেবে পরিচিত। সেখানেই শনিবার আগাম ভোট দিলেন তিনি। এখানে ট্রাম্পকে জয় পেতেই হবে। ফ্লোরিডার প্রায় ৫৩ লাখ ভোটার নিজেদের আগাম ভোট দিয়েছেন বলে জানা গেছে।
ভোট দেওয়ার পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন ট্রাম্প। এখানে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচার চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৩ নভেম্বর হলেও মাস খানেক আগে থেকে আগাম ভোট শুরু হয়। ভোট পাঠানো যায় ডাকযোগেও। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে ভোটের দিনের ভিড় এড়াতে অনেকেই এই সুযোগ নিচ্ছেন। এ কারণে স্বাভাবিকভাবেই দেশটির নির্বাচনি ইতিহাসে এবার সবচেয়ে বেশি আগাম ভোট জমা পড়েছে।
ট্রাম্পের এই আগাম ভোট দেওয়াকে স্ববিরোধিতা বলছেন বিশ্লেষকরা। কারণ নির্বাচনি প্রচারে একাধিকবার আগাম ভোটের বিরুদ্ধে বলেছেন তিনি। তার আশঙ্কা, এতে ভোট কারচুপির আশঙ্কা বেড়ে যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.