বিদেশফেরত ৮৩ জনের মামলার কার্যক্রম স্থগিত

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২২ , ০৪:৩৩ পিএম

বিদেশফেরত ৮৩ জনের মামলার কার্যক্রম স্থগিত ছবি: সিটিজেন নিউজ

হাইকোর্ট ভিয়েতনাম-কাতারফেরত ৮৩ বাংলাদেশির বিরুদ্ধে সাধারণ ডায়েরির ভিত্তিতে ৫৪ ধারায় করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। ভিয়েতনামফেরত ময়মনসিংহের মো. রহমান নামের এক প্রবাসীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রুলসহ এই আদেশ দেন।

গত ১৮ আগস্ট ওই ৮৩ প্রবাসী দেশে ফিরে আসেন। তাদের মধ্যে ৮১ জন ভিয়েতনাম থেকে ও ২ জন কাতার থেকে দেশে ফেরেন।

বিদেশফেরত ৮৩ বাংলাদেশির ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাদের সন্দেহভাজন আসামি দেখিয়ে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ। এই ডায়েরির ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৫৪ ধারার মামলার কার্যক্রম বাতিল চেয়ে ১৮ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন বিদেশফেরত ৮৩ বাংলাদেশির একজন মো. রহমান।