আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৪ , ১২:৪৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন এডওয়ার্ড বিগান তিন দিনের সফরে আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকায় আসছেন। নয়াদিল্লি সফর শেষে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন।
সফরের প্রথম দিন আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টিফেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী।
এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গেও স্টিফেনের সাক্ষাতের কথা রয়েছে। স্টিফেন বিগান নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন।
কূটনীতিক সূত্র বলছে, দুদেশের আলোচনায় ভূরাজনীতি আর কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের যুক্ততা, রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান ও কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যে কৌশলগত সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, স্টিফেন বিগানের ঢাকা সফর সেটার প্রমাণ।
উল্লেখ্য, স্টিফেন বিগান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মাইক পম্পেওর পরই তার অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের কোনও শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.