আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৩ , ০৩:২৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা পাল্টা-হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, এতে উভয়পক্ষের সামরিক বাহিনীর বেশকিছু সদস্য হতাহত হয়েছেন।
নাগোরনো-কারাবাখের আর্মেনীয় সামরিক কর্মকর্তারা জানান, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে সোমবার (১২ অক্টোবর) তাদের আরও ১৭ সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখে দুই প্রতিবেশীর সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪৩ সৈন্য প্রাণ হারালেন। অন্যদিকে আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশকিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলেও দুদিন পার না হতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী। তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
নাগোরনো-কারাবাখ একটি বিবাদপূর্ণ ছিটমহল। যেখানে আর্মেনীয় খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বসবাস। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মুসলিম-অধ্যুষিত আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাগোরনো-কারাবাখ। আর এতে সমর্থন জানিয়ে আজারবাইজানের বৃহৎ ভূখণ্ড দখলে নিয়ে ছিটমহলটির সঙ্গে সংযোগ স্থাপন করে আর্মেনিয়া।
১৯৯০ দশকে দেশ দুটির মাঝে রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং বাস্তুচ্যুত হন ১০ লাখের বেশি। ১৯৯৪ সালে দুই দেশ অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছালেও সময়ে সময়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমানে এই অঞ্চলে ভয়াবহ যুদ্ধের দিকে ঝুঁকে পড়েছে দুই দেশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.