চীনের বিষাক্ত গ্যাসে ১৬ শ্রমিকের মৃত্যু

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৮ , ১০:০১ এএম

চীনের বিষাক্ত গ্যাসে ১৬ শ্রমিকের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মারা গেছেন ১৬ জন শ্রমিক। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) চঙকিং পৌরসভা কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, খনিতে ১৭ জন শ্রমিক আটকে পড়ে। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাকিরা মারা গেছেন। চঙকিং শহরের পাশেই খনিটি অবস্থিত বলেও জানানো হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বেঁচে থাকা একজনকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, একটি কনভেয়ার বেল্টে অগ্নিকাণ্ড থেকে ভয়াবহ পর্যায়ে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়।

গেলো ডিসেম্বরেও, গুইঝো প্রদেশে গ্যাস বিস্ফোরণে খনিতে মারা যান ১৪ শ্রমিক। দেশটিতে দুর্বল সুরক্ষা ব্যবস্থা এবং বিধিমালার কারণেই হয় খনি দুর্ঘটনা।